দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত ছেড়ে দুবাইয়ে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী মান্দানা কারিমি। ভেবেছিলেন, হয়তো নতুন দেশে নতুনভাবে শুরু করতে পারবেন জীবন। কিন্তু দেশ বদলালেও বদলায়নি তার অভিজ্ঞতা। তার দাবি, প্রায় ছয় বছর ধরে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে অনুসরণ ও অনলাইনে হয়রানি করে আসছেন। ভারত ছাড়ার পরও সেই হয়রানি থামেনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ও কথিত হয়রানিমূলক ইমেইলের ছবি প্রকাশ করে নিজের অভিজ্ঞতার কথা জানান মান্দানা। তার অভিযোগ, ওই ব্যক্তি শুধু তার ব্যক্তিগত জীবন নয়, পেশাগত জীবনও নষ্ট করার চেষ্টা করছেন।
মান্দানার ভাষ্য, ব্যবসায়ী গৌরব গুপ্তের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই এই হয়রানি শুরু হয়। এরপর বছরের পর বছর ধরে অজ্ঞাতনামা ওই ব্যক্তি তার প্রযোজক, সহশিল্পী ও পেশাগত পরিচিতদের কাছে বার্তা পাঠাচ্ছেন। এসব বার্তার মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি কয়েকজনের কাছে অর্থও চাওয়া হয়েছে বলে জানান অভিনেত্রী।
এক ভিডিওতে মান্দানা বলেন, ‘আমি ছুটিতে আছি, আর আবারও একই ঘটনা ঘটেছে। বিচ্ছেদের পর থেকে ছয় বছরেরও বেশি সময় ধরে আমি অনলাইন হয়রানি ও অনুসরণের শিকার। একটি অ্যাকাউন্ট থেকে আমার প্রযোজক ও সহশিল্পীদের বার্তা পাঠানো হয়েছে এবং তাদের কাছে অর্থও চাওয়া হয়েছে। এটা এখনো চলছে। আমি বুঝতে পারি না, কে আমাকে এতটা ঘৃণা করে যে চায় আমি কাজ, অর্থ কিংবা বন্ধু—কিছুই না পাই।’
ঘটনাটি নিয়ে কয়েক বছর আগে নিজেই অনুসন্ধানের চেষ্টা করেছিলেন মান্দানা। তার দাবি, প্রায় চার বছর আগে একজন অনুসন্ধানকারী নিয়োগ করেছিলেন তিনি। পরে তাকে জানানো হয়, কেউ একজন একজন ‘পেশাদার হ্যাকারকে’ অর্থ দিয়ে তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম ঘনিষ্ঠভাবে নজরদারি করাচ্ছেন।
মান্দানা আরও দাবি করেন, তার পরিচিতদের কাছে ‘মীনাক্ষী’ নামে ইমেইল পাঠানো হচ্ছে। ভারত ছেড়ে দুবাইয়ে চলে যাওয়ার পরও সেই ইমেইল আসা বন্ধ হয়নি। তার বন্ধু ও পরিচিতদের কেউ কেউ ইমেইলের ছবি তাকে পাঠিয়ে জানিয়েছেন, সেগুলো ভুয়া অ্যাকাউন্ট থেকে এসেছে।
এ বিষয়ে ভারতে একাধিক অনলাইন অপরাধের অভিযোগ করেছিলেন বলেও জানান মান্দানা। তবে তার দাবি, পুলিশ এ ঘটনায় কোনো ব্যবস্থা নিতে পারেনি। শেষ পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মান্দানা বলেন, ‘যথেষ্ট হয়েছে।’ তিনি জানান, বছরের পর বছর ধরে অজ্ঞাতনামা একজন তার জীবন ঘনিষ্ঠভাবে নজরদারি করছেন এবং তার সঙ্গে যোগাযোগ রয়েছে—এমন মানুষদের কাছে ক্ষতিকর ইমেইল পাঠাচ্ছেন। ভারত থেকে দুবাইয়ে চলে যাওয়ার পরও এই ঘটনা ঘটছে বলে জানান তিনি।
এ ধরনের কোনো ইমেইল পেলে তাতে সাড়া না দিতে এবং কোনো অর্থ না পাঠাতে পরিচিতদের সতর্ক করেছেন মান্দানা। বরং বার্তার ছবি তুলে তাকে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
গত মে মাসে ভারতে প্রায় ১৬ বছর বসবাসের পর দুবাইয়ে চলে যান মান্দানা। নিরাপত্তাজনিত উদ্বেগকে তার দেশ ছাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হলেও, ভারত ছাড়ার সিদ্ধান্তটি ব্যক্তিগতও ছিল বলে জানিয়েছিলেন তিনি। বিমানবন্দর থেকে একটি ভিডিও প্রকাশ করে বিদায়ের সময় তিনি বলেছিলেন, ‘বিদায় ভারত’ বলতে হবে—এটা কখনো ভাবেননি।
ইরানের নাগরিক মান্দানা। দুবাইয়ে যাওয়ার সময় তার নিজ দেশ ইরানেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছিল। ইরানের পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় প্রকাশ্যে কথা বলেছেন এই অভিনেত্রী।
২০১৫ সালে ‘বিগ বস ৯’-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান মান্দানা। ওই আসরে তিনি দ্বিতীয় রানারআপ হন। ‘রয়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর ‘ভাগ জনি’, ‘ম্যায় অর চার্লস’ ও ‘ক্যা কুল হ্যায় হাম ৩’-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেন তিনি। ২০২২ সালে ‘লক আপ’ অনুষ্ঠানেও দেখা যায় তাকে। তার সর্বশেষ সিনেমা নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘থার’, যা ২০২২ সালে প্রকাশিত হয়।
/অ